বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৫টি সিলিং ফ্যান এবং লোহার পাইপ ও অ্যাঙ্গেল চুরির ঘটনায় মো. মান্না শেখ নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত মান্না শেখ বোয়ালমারী পৌর বিএনপির সহ-কোষাধ্যক্ষ ও প্রস্তাবিত উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. রিজাউল হক শেখের ছেলে। পেশায় তিনি একজন বেসরকারি অ্যাম্বুলেন্স চালক।
যেভাবে ঘটে ঘটনা:
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৬ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচতলা ভবনের নিচতলায় অবস্থিত একটি অব্যবহৃত ক্যান্টিন কক্ষের তালা ভেঙে এসব মালামাল চুরি করা হয়। হাসপাতালে কোনো নৈশপ্রহরী না থাকায় তাৎক্ষণিকভাবে বিষয়টি ধরা পড়েনি। পরদিন শনিবার সকালে চুরির বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজমুল হাসান।
শনাক্ত ও গ্রেফতার:
অভিযোগ পাওয়ার পর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মান্না শেখকে শনাক্ত করে। চুরির ঘটনা জানাজানি হলে মান্না আত্মগোপনে চলে যান। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া সমস্ত মালামাল উদ্ধার করে।
আদালতের রায়:
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, আসামিকে ফরিদপুরের ৩ নম্বর আমলি আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে শাস্তির নির্দেশ দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
স্থানীয়দের মতে, বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ইতিপূর্বেও একাধিক চুরির ঘটনা ঘটেছে, যার সঙ্গে এলাকার কিছু অসাধু অ্যাম্বুলেন্স চালক জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
প্রিন্ট করুন ফটো কার্ড