নিজস্ব প্রতিবেদক:
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এক দিনের রিমান্ড শেষে রবিবার (৪ অক্টোবর) তার জামিন আবেদন নামঞ্জুর করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. জামসেদ আলম এ আদেশ দেন।
রবিবার দুপুর আড়াইটার দিকে আখতারুজ্জামানকে আদালত হাজতখানা থেকে এজলাসে তোলা হয়। সেখানে তার জামিন শুনানিকে কেন্দ্র করে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। বিচারকের উপস্থিতিতেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে একপর্যায়ে পরিস্থিতির সামাল দিতে বিচারক এজলাস ছেড়ে খাসকামরায় চলে যান। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শনিবার মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিমান্ড শেষে রবিবার তাকে পুনরায় আদালতে হাজির করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে লাগেজ ও জমজমের পানি পেতে দেরি হওয়া এবং ট্রলি সংকটকে কেন্দ্র করে কয়েকজন যাত্রী উত্তেজিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ সময় সরকারি কাজে বাধা প্রদান এবং একজন নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে।
এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি দায়ের করেন। পরে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রিন্ট করুন ফটো কার্ড