স্টাফ রিপোর্টার:
রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত পিচ্চি রাজা ওরফে বাদশা পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছেন। প্রিজন ভ্যান থেকে টয়লেটে যাওয়ার কথা বলে নেমে কৌশলে সটকে পড়েন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন নওজোড় হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে আসামিবাহী প্রিজন ভ্যানটি গাজীপুরের দিকে যাওয়ার সময় নওজোড় এলাকায় পৌঁছালে পিচ্চি রাজা টয়লেটে যাওয়ার আকুতি জানান। গাড়ি থামিয়ে তাকে নামানো হলে অন্ধকার ও সুযোগ বুঝে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দ্রুত পালিয়ে যান।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, পলাতক পিচ্চি রাজা রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রিক মাদকের সাম্রাজ্য পরিচালনায় অন্যতম মূল হোতা। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানাসহ একাধিক থানায় হত্যা, হত্যাচেষ্টা ও মাদকসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর চলতি বছরের ১৯ মে নেপাল থেকে দেশে ফেরার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করেছিল পুলিশ।
এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানায়, পুলিশ হেফাজত থেকে আসামি পালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পলাতক পিচ্চি রাজাকে পুনরায় গ্রেফতার করতে গাজীপুরসহ আশপাশের এলাকায় বিশেষ অভিযান ও চিরুনি তল্লাশি জোরদার করা হয়েছে।
প্রিন্ট করুন ফটো কার্ড