মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গুর বিস্তার ঠেকাতে মশক নিধন, লার্ভা ধ্বংস ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নামোনিমগাছি ও আশপাশের এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত ৮টি টিমের কার্যক্রমের ধারাবাহিকতায় ৮ নম্বর টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানে বিভিন্ন স্থানে মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা হয়। পাশাপাশি মশক নিধন কার্যক্রম পরিচালনার মাধ্যমে ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়।
এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং সম্ভাব্য মশার প্রজননস্থল নিয়মিত পরিষ্কার করার বিষয়ে স্থানীয়দের পরামর্শ দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন টিম লিডার ও কর নির্ধারক মো. এনামুল হক। এতে পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদাসহ স্কাউট, রেড ক্রিসেন্টের সদস্য এবং পৌরসভার কর্মচারীরা অংশ নেন।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ি ও আশপাশে পানি জমতে না দিলে এবং মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
এ কারণে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়।
প্রিন্ট করুন ফটো কার্ড