Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : প্রিজন ভ্যান থেকে কৌশলে পালিয়েছেন মোহাম্মদপুরের ‘শীর্ষ মাদক কারবারি’ পিচ্চি রাজা

প্রিজন ভ্যান থেকে কৌশলে পালিয়েছেন মোহাম্মদপুরের ‘শীর্ষ মাদক কারবারি’ পিচ্চি রাজা


​স্টাফ রিপোর্টার:

রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত পিচ্চি রাজা ওরফে বাদশা পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছেন। প্রিজন ভ্যান থেকে টয়লেটে যাওয়ার কথা বলে নেমে কৌশলে সটকে পড়েন তিনি।

​রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন নওজোড় হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।

​পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে আসামিবাহী প্রিজন ভ্যানটি গাজীপুরের দিকে যাওয়ার সময় নওজোড় এলাকায় পৌঁছালে পিচ্চি রাজা টয়লেটে যাওয়ার আকুতি জানান। গাড়ি থামিয়ে তাকে নামানো হলে অন্ধকার ও সুযোগ বুঝে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দ্রুত পালিয়ে যান।

​আইনশৃঙ্খলা বাহিনী জানায়, পলাতক পিচ্চি রাজা রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রিক মাদকের সাম্রাজ্য পরিচালনায় অন্যতম মূল হোতা। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানাসহ একাধিক থানায় হত্যা, হত্যাচেষ্টা ও মাদকসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর চলতি বছরের ১৯ মে নেপাল থেকে দেশে ফেরার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করেছিল পুলিশ।

​এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানায়, পুলিশ হেফাজত থেকে আসামি পালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পলাতক পিচ্চি রাজাকে পুনরায় গ্রেফতার করতে গাজীপুরসহ আশপাশের এলাকায় বিশেষ অভিযান ও চিরুনি তল্লাশি জোরদার করা হয়েছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF