অনলাইন ডেস্ক:
আদি ও পুরান ঢাকার সৌন্দর্যবর্ধন এবং ঐতিহ্য সংরক্ষণের অংশ হিসেবে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। প্রায় আড়াই কোটি (২.৫ কোটি) টাকা ব্যয়ে পরিচালিত এই উন্নয়নকাজের ফলক উন্মোচন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
মঙ্গলবার (২০ অক্টোবর) উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক জানান, শুধু প্রধান ফটক ও সীমানাপ্রাচীরই নয়, মন্দিরের সার্বিক অবকাঠামো সংস্কারে অতিরিক্ত ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। খুব শিগগিরই নতুন টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে পুরোদমে উন্নয়নকাজ শুরু হবে।
নগর পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার ওপর জোর দিয়ে আবদুস সালাম বলেন, "ঢাকাকে বাসযোগ্য করে তুলতে পলিথিন বর্জন, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং ড্রেন পরিষ্কার রাখার বিকল্প নেই।" ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান জানিয়ে তিনি কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।
দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষ্যে ডিএসসিসির পক্ষ থেকে রাস্তার সংস্কার, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং ড্রেনেজ পরিষ্কারের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন ফটো কার্ড