নিজস্ব প্রতিবেদক | বাস্তব কণ্ঠ
চলতি সেপ্টেম্বরের প্রথম ১২ দিনে দেশে ১২৩ কোটি ৪০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫ হাজার ১৭৯ কোটি ৩০ লাখ ৭০ হাজার টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এই হিসাব করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১২ দিনে প্রবাসীদের পাঠানো অর্থের সবচেয়ে বড় অংশ এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। এ সময়ে এসব ব্যাংকের মাধ্যমে দেশে এসেছে ৯১ কোটি ৬৯ লাখ ২০ হাজার ডলার।
অন্যদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি ৭৩ লাখ ৬০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৮ লাখ ২০ হাজার ডলার।
ব্যাংকভিত্তিক হিসাবে দেখা যায়, আলোচ্য সময়ে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স সংগ্রহ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির মাধ্যমে এসেছে ২২ কোটি ৯২ লাখ ৯০ হাজার ডলার।
রেমিট্যান্স সংগ্রহে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে দেশে এসেছে ১০ কোটি ৬৬ লাখ ১০ হাজার ডলার।
তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ডলার। আর ৯ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স সংগ্রহ করে চতুর্থ অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।
প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে চলতি মাসের শুরুতেই রেমিট্যান্সের এই প্রবাহকে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
প্রিন্ট করুন ফটো কার্ড