ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বৃদ্ধি ও লাগেজ ব্যবস্থাপনা আরও স্বচ্ছ করতে গ্রহণ করা হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। এখন থেকে উড়োজাহাজ থেকে লাগেজ নামানো থেকে শুরু করে তা বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটিই সরাসরি সিসিটিভি মনিটরে পর্যবেক্ষণ করতে পারবেন যাত্রীরা।
বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিমানবন্দরের সবকটি লাগেজ বেল্টে মোট ১৮টি ৬৫ ইঞ্চির ফোরকে (4K) আধুনিক মনিটর স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি আটটি লাগেজ বেল্টের ব্যাগেজ এলাকায় বসানো হয়েছে ৩২টি সিসি ক্যামেরা—যার মধ্যে প্রতিটি বেল্টের জন্য নির্ধারিত রয়েছে চারটি করে ক্যামেরা।
এই ক্যামেরাগুলোর মাধ্যমে উড়োজাহাজ থেকে লাগেজ আনলোড করা, ব্যাগেজ প্রক্রিয়াকরণের বিভিন্ন ধাপ এবং বেল্টে পৌঁছানোর দৃশ্য সরাসরি মনিটরে সরাসরি (লাইভ) সম্প্রচার করা হবে। এর ফলে যাত্রীরা খুব সহজেই বেল্টের পাশে দাঁড়িয়ে মনিটরে নিজেদের ব্যাগেজ হ্যান্ডলিংয়ের সার্বিক প্রক্রিয়া এবং লাগেজের বর্তমান অবস্থান দেখতে পাবেন।
বিমানবন্দর কর্তৃপক্ষের আশা, এই পদক্ষেপের ফলে লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। একই সাথে ফ্লাইট থেকে নামার পর ব্যাগ পাওয়া নিয়ে যাত্রীদের যে দীর্ঘদিনের উদ্বেগ ও দুশ্চিন্তা ছিল, তা অনেকটাই লাঘব হবে।
প্রিন্ট করুন ফটো কার্ড