ঢাকা: কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটে 'বিজি-৪৩৬' নম্বরের উড়োজাহাজটি নিরাপদে বিমানবন্দরে নেমে আসে। এতে কোনো যাত্রী বা ক্রু সদস্য আহত হননি।
বিমানবন্দর ও এটিসি সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির (রেজিস্ট্রেশন নম্বর: এস২-একেই) পাইলট ঢাকা টাওয়ারে জরুরি বার্তা পাঠান। এরপর জরুরি অবতরণের নিয়ম অনুযায়ী ওজন কমাতে উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় কয়েকবার চক্কর দেয়।
জরুরি অবতরণ ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সসহ উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়। নিরাপত্তার স্বার্থে বেলা ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ ছিল।
ঘটনার বিষয়ে এক বিবৃতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, কারিগরি ও অনিবার্য কারণে ফ্লাইটে কিছুটা বিলম্ব হয়েছিল। সব যাত্রী ও ক্রু নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন। সময়সূচি ব্যাহত হওয়ায় যাত্রীদের অসুবিধার জন্য বিমান কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।
প্রিন্ট করুন ফটো কার্ড