ক্রাইম রিপোর্টার | শরিফুল ইসলাম, টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতীতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের একজন নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন এবং তিনি উপজেলা আহত জুলাই যোদ্ধা সমিতির নেতা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের আজাহার আলীর ছেলে হাছান আলী (৩৭) এবং শালদাইর গ্রামের আব্দুল হকের ছেলে মাহমুদুল হাসান (৩৪)।
জেলা ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় দুজনের কাছ থেকে ১৫০ পিস করে মোট ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, ভূঞাপুরের গাবসারা এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে এলেঙ্গায় বিক্রির উদ্দেশ্যে এসেছিলেন।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাইজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবাসহ ওই দুজনকে আটক করা হয়।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে মামলা করা হয়েছে। বুধবার গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয় কয়েকজনের অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে মামলার বাইরে পৃথক কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।
স্থানীয়ভাবে গ্রেপ্তার দুজনের যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কথাও জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
প্রিন্ট করুন ফটো কার্ড