নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনে সাবেক বাণিজ্য মেলার মাঠ থেকে বিপুল পরিমাণ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-২-এর একটি বিশেষ দল সাবেক বাণিজ্য মেলার মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে এখন পর্যন্ত অন্তত ২০টিরও বেশি তাজা ককটেল এবং পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুরো এলাকাটি বর্তমানে ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা বিপুল পরিমাণ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছি। উদ্ধারের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিস্ফোরকগুলো নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।”
খবর পেয়ে দ্রুত বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করে। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত ও অত্যন্ত নিয়ন্ত্রিত করা হয়েছে।
উদ্ধার করা এই বিস্ফোরক দ্রব্যাদি সেখানে কীভাবে এলো এবং এর পেছনে কাদের হাত রয়েছে—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
পুলিশ ও এসআরবি কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, উদ্ধার অভিযান এবং বোম্ব ডিসপোজাল ইউনিটের নিষ্ক্রিয়করণ কাজ শেষ হওয়ার পর এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে।
প্রিন্ট করুন ফটো কার্ড