মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে মো. আজিম (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাগানটুলি এলাকায় মজনুর একটি পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আজিম ওই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে এশার নামাজের সময় আজিম বাড়ি থেকে বের হন। পরে তিনি আর বাড়িতে ফিরে না আসায় তার স্ত্রী পপিয়ারা বেগম মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোনটি বন্ধ পাওয়া যায়।
পরিবারের সদস্যরা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও আজিমের সন্ধান পাননি। পরদিন বৃহস্পতিবার সকালে স্থানীয় যুবক সোহান প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে পরিত্যক্ত বাড়িটির ভেতরে আজিমকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি আজিমের স্ত্রীকে জানান।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ইনচার্জ মো. মতিউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রিন্ট করুন ফটো কার্ড