ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের দেওয়া বক্তব্যকে কাল্পনিক ও ভিত্তিহীন আখ্যা দিয়ে তার পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হলে এই বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছে দলটি।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে মন্তব্য করেছেন, যা গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করা হয়েছে বলে প্রতীয়মান হয়। জামায়াতের পক্ষ থেকে এই তথ্যকে সম্পূর্ণ অসত্য ও বানোয়াট আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।
অ্যাডভোকেট জুবায়ের উল্লেখ করেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার কাছ থেকে জনগণ তথ্যনির্ভর ও শালীন বক্তব্য প্রত্যাশা করে। কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তোলার আগে নির্ভরযোগ্য প্রমাণ থাকা অপরিহার্য। প্রমাণ ছাড়া এমন মন্তব্য করা দায়িত্বশীল আচরণের পরিচয় দেয় না।
বিবৃতিতে আরও বলা হয়, অটোরিকশা চলাচল, যানজট নিরসন ও চালকদের জীবিকাসংক্রান্ত বিষয়গুলো বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে সমাধান করা উচিত, প্রমাণহীন অভিযোগ তুলে রাজনৈতিক নেতার চরিত্রহনন করে নয়।
প্রিন্ট করুন ফটো কার্ড