পাবনার ঈশ্বরদী প্রতিনিধি: দীর্ঘদিন বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করার পর নিজের ভুল উপলব্ধি করে রেলওয়ের কাছে ২৫ হাজার টাকা জমা দিয়েছেন এক নারী যাত্রী। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের টিকিট বুকিং কাউন্টারে গিয়ে তিনি ওই অর্থ পরিশোধ করেন।
ঈশ্বরদী রেলওয়ে জংশনের সিনিয়র টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল আলিম বিশ্বাস মিঠুর বরাত দিয়ে জানা গেছে, ওই নারী একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরির কারণে দীর্ঘ সময় ধরে ঈশ্বরদী স্টেশন থেকে ট্রেনে উঠে কুষ্টিয়ার ভেড়ামারা স্টেশনসহ বিভিন্ন গন্তব্যে টিকিট ছাড়াই যাতায়াত করতেন তিনি।
তবে একপর্যায়ে নিজের এ কাজকে ভুল হিসেবে উপলব্ধি করেন ওই নারী। পরে বিষয়টি সংশোধনের সিদ্ধান্ত নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন তিনি।
এ বিষয়ে তিনি রেলের ট্রাফিক সুপারিনটেনডেন্ট (টিকিট চেকিং) এ কে এম নুরুল আলমের সঙ্গে যোগাযোগ করেন। তার পরামর্শ ও সহযোগিতায় শনিবার ঈশ্বরদী জংশন স্টেশনে এসে রেল কর্তৃপক্ষের কাছে ২৫ হাজার টাকা জমা দেন।
সিনিয়র টিটিই আব্দুল আলিম বিশ্বাস মিঠু বলেন, দীর্ঘদিন বিনা টিকিটে ভ্রমণের বিষয়টি উপলব্ধি করে ওই নারী নিজ উদ্যোগে রেল কর্তৃপক্ষের কাছে অর্থ জমা দিয়েছেন। নিজের ভুল সংশোধনে তার এই উদ্যোগ ইতিবাচক এবং অন্যদের জন্যও অনুকরণীয় হতে পারে।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, যাত্রীদের টিকিট কেটে ভ্রমণের পাশাপাশি নিজের ভুল স্বীকার করে তা সংশোধনের এমন উদ্যোগ জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে পারে।
প্রিন্ট করুন ফটো কার্ড