দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বাংলা ভাষণ এবং তাঁর উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরে গোলাম কিবরিয়া লালন নামের এক সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
স্থানীয় সূত্র ও শিক্ষার্থীদের বিবরণ অনুযায়ী, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাস নিচ্ছিলেন শিক্ষক গোলাম কিবরিয়া লালন। পাঠদানের একপর্যায়ে তিনি জাতিসংঘে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বাংলা ভাষণের প্রসঙ্গ তোলেন। অভিযোগ ওঠে, এ সময় তিনি প্রধানমন্ত্রীর বাংলা ভাষার উচ্চারণ নিয়ে মন্তব্য করতে গিয়ে আপত্তিকর ও অসংবেদনশীল কথা বলেন।
শ্রেণিকক্ষের এ ঘটনার পর শিক্ষার্থীরা বাড়িতে ফিরে অভিভাবকদের বিষয়টির জানায়। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষ ও চাঁঞ্চল্যের সৃষ্টি হয়।
এরই প্রেক্ষিতে বুধবার সকালে ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে বেলা ১১টার দিকে আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে শিক্ষক লালনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনার বিষয়ে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, বুধবার সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্যদের উপস্থিতিতে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে শিক্ষক লালন কটূক্তির অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ‘দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে প্রধানমন্ত্রীর বাংলা ভাষার উচ্চারণে কিছুটা অস্পষ্টতা তৈরি হয়েছে’—তিনি ক্লাসে কেবল এ কথাটুকুই বলেছিলেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা এবং বিদ্যালয়ের পরিবেশ বিশৃঙ্খল করার অভিযোগে ওই শিক্ষককে আটক করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট করুন ফটো কার্ড