নিজস্ব প্রতিবেদক:
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো ধরনের ভোগান্তি নেই এবং বর্তমানে উড়োজাহাজ থেকে নামার মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে যাত্রীরা তাদের ব্যাগেজ হাতে পেয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। একই সাথে তিনি অভিযোগ করেন, সরকারের উন্নয়নমূলক অর্জনকে ম্লান করতে এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে একটি নির্দিষ্ট গোষ্ঠী ও দলের লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।
শুক্রবার (০২ অক্টোবর) রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে বিমানমন্ত্রী সরাসরি ব্যাগেজ বেল্ট এলাকায় যান এবং ব্যাগেজের জন্য অপেক্ষারত প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে মতবিনিময় করেন। উড়োজাহাজ থেকে নামার পর কত দ্রুত তারা লাগেজ পাচ্ছেন এবং সামগ্রিক সেবার মান কেমন—যাত্রীদের কাছ থেকে সরেজমিনে সে বিষয়ে খোঁজখবর নেন তিনি। এ সময় ত্বরান্বিত লাগেজ ডেলিভারি ব্যবস্থা ও বর্তমান সেবায় সন্তুষ্টি প্রকাশ করেন যাত্রীরা।
যাত্রীদের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, "বিমানবন্দরে এখন সেবার মান আগের চেয়ে অনেক উন্নত এবং কোনো ভোগান্তি নেই। গড়ে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই ব্যাগেজ ডেলিভারি নিশ্চিত করা হচ্ছে। কিন্তু সরকারের এই অর্জন ও সাধারণ মানুষের স্বস্তি একটি বিশেষ গোষ্ঠীর সহ্য হচ্ছে না। একটি দলের লোক অহেতুক বিশৃঙ্খলা তৈরি করে সরকারের ইতিবাচক পদক্ষেপগুলোকে ভুলভাবে উপস্থাপনের অপচেষ্টা চালাচ্ছে।"
মন্ত্রী উপস্থিত বিমানবন্দর কর্তৃপক্ষ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যাত্রীসেবার মান আরও ত্বরান্বিত করার কড়া নির্দেশ দেন। যাত্রী স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে তিনি অতি দ্রুত বিমানবন্দরে ট্রলির সংখ্যা বৃদ্ধি করার কার্যকর পদক্ষেপ নিতে বলেন।
পরিদর্শনকালে সিভিল এভিয়েশন ও বিমানবন্দরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন ফটো কার্ড