মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ মো. রুবেল হক (২৬) নামে এক যুবককে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১৮২/৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের সাদিকুলের আমবাগানে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন রুবেল হককে আটক করে টহল দল। পরে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক রুবেল হক উনিশবিঘা গ্রামের মৃত আবু সাঈদের ছেলে। তার ডাকঘর মোল্লাটোলা।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রিন্ট করুন ফটো কার্ড