স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) গোয়েন্দা বিভাগের এক অভিযানে ৩৫ লাখ টাকার সমপরিমাণ বিপুল পরিমাণ জাল নোটসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— মো. রুবেল হাওলাদার (৩৬) ও সেলিনা আক্তার ওরফে নাসিমা (৫৮)।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে যাত্রাবাড়ী-ডেমরা মহাসড়কের কাজলারপাড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চতুরতার সঙ্গে পালানোর চেষ্টা করলে রুবেল ও সেলিনাকে দুটি ব্যাগসহ আটক করা হয়। পরবর্তীতে তাদের সঙ্গে থাকা ব্যাগ দুটি তল্লাশি করে মোট ৩৫ লাখ টাকার জালনোট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপরাধের বিষয়টি স্বীকার করে জানান, তারা দীর্ঘদিন ধরে যোগসাজশের মাধ্যমে রাজধানীর বিভিন্ন স্থান থেকে কম মূল্যে এসব জাল নোট সংগ্রহ করতেন। পরবর্তীতে বেশি মুনাফা লাভের আশায় তা আসল নোট হিসেবে ঢাকা ও আশপাশের এলাকার বিভিন্ন বাজারে ছড়িয়ে দিতেন।
ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের মূল হোতা ও অন্যান্য সহযোগীদের গ্রেফতারের পাশাপাশি নতুন জাল নোট উদ্ধারে বিশেষ গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে।
প্রিন্ট করুন ফটো কার্ড