মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের মাঝের গ্রাম থেকে তিনটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছেন স্থানীয় যুবকেরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মাঝের গ্রামের একটি কবরস্থানের পাশ থেকে বাচ্চাগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কবরস্থানের পাশে তিনটি মেছো বাঘের বাচ্চাকে খেলতে দেখেন স্থানীয় কৃষকেরা। বিষয়টি আশপাশে জানাজানি হলে কয়েকজন যুবক গিয়ে বাচ্চাগুলো উদ্ধার করেন। স্থানীয়দের ধারণা, মা মেছো বাঘটি খাবারের সন্ধানে আশপাশের এলাকায় গেলে বাচ্চাগুলো সেখানে অবস্থান করছিল। পরবর্তীতে বাচ্চাগুলোর নিরাপত্তার কথা বিবেচনা করে সেগুলোকে উদ্ধারের স্থানের কাছাকাছি একটি নিরাপদ স্থানে রাখা হয়, যেন মা মেছো বাঘটি ফিরে এসে তাদের নিয়ে যেতে পারে।
বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর জেলা বন কর্মকর্তা হামিম হায়দার জানান, খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বাচ্চাগুলোর অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, "মেছো বাঘ আমাদের বন্যপ্রাণীর একটি গুরুত্বপূর্ণ অংশ। মা মেছো বাঘ খাবারের সন্ধানে গেলে অনেক সময় বাচ্চাগুলো নির্দিষ্ট স্থানে থাকে। এমন অবস্থায় বাচ্চাগুলোকে ধরাধরি করা, ভয় দেখানো বা আটকে রাখা উচিত নয়। মানুষের চলাচল সীমিত রাখলে মা মেছো বাঘটি সহজে ফিরে এসে তার বাচ্চাদের নিয়ে যেতে পারবে।" কৌতূহলবশত বন্যপ্রাণী বাড়িতে না নেওয়ার এবং যেকোনো প্রয়োজনে সরাসরি বন বিভাগকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান এই কর্মকর্তা।
প্রিন্ট করুন ফটো কার্ড