নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি ব্রিজের কাজে রডের বদলে জিআই তার ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। নির্মাণত্রুটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ত্রুটিপূর্ণ অংশ ভেঙে সংশোধনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। একই সঙ্গে দায়িত্ব অবহেলার দায়ে এক প্রকৌশলীকে বদলি এবং দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এলজিইডি নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট-সাহেবেরহাট-হাসানহাট হয়ে মাইজদী আঞ্চলিক মহাসড়কে ৪৯.০৬ মিটার দীর্ঘ আরসিসি ব্রিজটির নির্মাণকাজ শুরু হয় ২০২৩ সালের ২৮ অক্টোবর। প্রথমে মেসার্স হক ট্রেডার্স কাজটি পেলেও পরবর্তী সময়ে হাতবদল হয়ে ৭ কোটি টাকা ব্যয়ে মো. ফরহাদ নামে এক ঠিকাদার কাজটি পান।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুরু থেকেই নির্মাণকাজে নানা অনিয়ম চলছিল। সম্প্রতি রাতের অন্ধকারে সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ে রডের পরিবর্তে জিআই তার এবং নিম্নমানের সিমেন্ট ব্যবহার করা হয়। পরদিন সকালে পথচারীরা চলাচল করতে গেলে পা দেওয়ার সঙ্গেই ফুটপাতের স্ল্যাব ভেঙে পড়ে।
এলজিইডি নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল জানান, অনিয়মের সত্যতা মেলায় ঠিকাদারকে ত্রুটিপূর্ণ কাজ দ্রুত ভেঙে নতুন করে করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে, যাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রিন্ট করুন ফটো কার্ড