নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ১৭ অক্টোবর ২০২৬
রাজধানীর আগারগাঁও অবস্থিত ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট’ আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে নিজ কক্ষে বসে ধূমপানরত অবস্থায় এক চিকিৎসককে হাতেনাতে পেয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসককে তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার দুপুরে আগারগাঁওয়ের শিশু হাসপাতালে এই ঝটিকা সফর করেন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগী ও তাদের অভিভাবকদের খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি ও চিকিৎসকদের কর্মপরিবেশ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী হাসপাতালের সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলামের কক্ষে প্রবেশ করেন। এ সময় ওই চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায় এবং কক্ষটি অত্যন্ত অপরিচ্ছন্ন ও নোংরা অবস্থায় দেখতে পান প্রধানমন্ত্রী। হাসপাতালের মতো একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দায়িত্বরত অবস্থায় চিকিৎসকের এমন বেপরোয়া আচরণ ও স্বাস্থ্যহীন পরিবেশ দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ঘটনার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনার পর চিকিৎসক রফিকুল ইসলামকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কোনো প্রকার অবহেলা বা দায়িত্বহীনতা বরদাশত করা হবে না। তিনি হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করা, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং চিকিৎসকসহ সকল কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার তাগিদ দেন।
প্রিন্ট করুন ফটো কার্ড