নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ আগুনে ৩০টি ঝুটের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১১ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার ফতুল্লার বিলাসনগর এলাকায় এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গোডাউনের মালিক ইমরান হোসেন জানান, রাতে হঠাৎ করেই একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন ভয়াবহ আকারে আশপাশের অন্যান্য গোডাউনগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। চারদিকে মুহূর্তেই কালো ধোঁয়া ও লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রতিটি গোডাউনে আনুমানিক ৫ থেকে ২০ লাখ টাকার ঝুটের কাপড় মজুত ছিল। এই অগ্নিকাণ্ডে ৩০টি গোডাউনের বিপুল পরিমাণ মালামাল সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে।
প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের ধারণা, এই দুর্ঘটনায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হতে পারে। ক্ষতিগ্রস্ত গোডাউন মালিকদের অনেকেই বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। আকস্মিক এই সর্বনাশা আগুনে তাঁদের মাথায় হাত পড়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও শিবু মার্কেট ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও সুনির্দিষ্ট কারণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।
প্রিন্ট করুন ফটো কার্ড