ঢাকা প্রতিনিধি: রাজধানীর খিলগাঁওয়ে এক নারীকে পথিমধ্যে উত্যক্ত, গালিগালাজ ও মারধর এবং তার পরিহিত পোশাক টানাহেঁচড়া করে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। একই ঘটনায় ওই নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং তার স্বামীকে মোবাইল ফোনে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে খিলগাঁওয়ের গোড়ান শাহী মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী নারী মোসাঃ শারমিন (৩০) খিলগাঁও থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, তিনি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ইদ্রিস ও রনি নামে দুই ব্যক্তি এবং অজ্ঞাতনামা আরও তিনজন তাকে পথিমধ্যে উত্যক্ত ও বিরক্ত করেন। তিনি তাদের নিষেধ করলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে অভিযুক্তরা তার পরিহিত পোশাক টানাহেঁচড়া করে শ্লীলতাহানি ঘটান। পরে ইদ্রিস নামের অভিযুক্ত ব্যক্তি তার মোবাইল ফোন থেকে ভুক্তভোগীর স্বামী খলিল রহমান মারুফের মোবাইল নম্বর সংগ্রহ করে ফোন দেন। ফোনে তাকে গালিগালাজের পাশাপাশি বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো এবং খুন-জখমসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে অভিযুক্তরা তার গলায় থাকা ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। অভিযোগে ওই চেইনের আনুমানিক মূল্য ১ লাখ ১৭ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় পরিবার ও আশপাশের লোকজনের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন শারমিন।
অভিযোগে অভিযুক্ত হিসেবে ইদ্রিস ও রনির নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে ইদ্রিসের বাবার নাম অজ্ঞাত এবং রনির বাবার নাম মৃত স্বপন বলে উল্লেখ করা হয়েছে। দুজনের ঠিকানা খিলগাঁওয়ের গোড়ান ৮ নম্বর লাল মার্কেট এলাকায় বলে অভিযোগে জানানো হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খিলগাঁও থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগী।
অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..