বিমানবন্দর প্রতিনিধি:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে দুই বিমানকর্মীর জুতার ভেতর লুকানো ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৯ দশমিক ৩৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা।
রোববার (৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা বিমানবন্দর এলাকায় বিশেষ নজরদারি বাড়ান। এ সময় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-০৫৮২) একটি ফ্লাইটে দায়িত্বরত দুই বিমানকর্মীর গতিবিধি সন্দেহজনক মনে হলে রানওয়েতেই তাদের আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের পরিহিত জুতার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০টি স্বর্ণবার জব্দ করা হয়। উদ্ধারকৃত প্রতিটি স্বর্ণবারের ওজন প্রায় ১১৭ গ্রাম।
কাস্টমস গোয়েন্দা সূত্রের মতে, বিমানকর্মীদের জুতার ভেতর স্বর্ণ লুকিয়ে পাচারের চেষ্টা চোরাচালানের একটি নতুন কৌশল। এই ঘটনায় আন্তর্জাতিক কোনো সংঘবদ্ধ চক্র জড়িত বলে ধারণা করা হচ্ছে। স্বর্ণের মূল চালানটি কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত—তা খতিয়ে দেখতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে।
আটক দুই বিমানকর্মীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রিন্ট করুন ফটো কার্ড