অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬
সৌদি আরবের রাজধানী রিয়াদে বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি এবং সৌদি আরব সমর্থিত বাহিনীর চলমান উত্তেজনার মধ্যেই শহরটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার ঠিক পরপরই পুরো রিয়াদ শহরজুড়ে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি নিয়ে জাতীয় জরুরি সতর্কতা (National Early Warning) জারি করা হয়।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি নিশ্চিত করেছেন যে, হুতি মিলিশিয়াদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী সফলভাবে চিহ্নিত ও আকাশে ধ্বংস (Intercept) করেছে। রিয়াদকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছিল বলে জানায় জোট।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে রাজধানীর অধিবাসীদের সম্ভাব্য বিপদ সম্পর্কে আগে থেকেই অবহিত করা হয় এবং সবাইকে সরকারের নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি-র প্রতিনিধিরাও রিয়াদ শহর থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে রকেটের ধ্বংসাবশেষের পতন থেকে কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির বিবরণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য, ইয়েমেনের সরকারি বাহিনীকে সাহায্য প্রদানকারী সৌদি নেতৃত্বাধীন জোটের ওপর হুতিদের এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা নতুন করে এই অঞ্চলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে।
প্রিন্ট করুন ফটো কার্ড