মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি বাইসাইকেল জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। এ সময় নুর ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নুর ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে লুকানো অবস্থায় ২২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। তার ব্যবহৃত একটি বাইসাইকেলও জব্দ করা হয়।
আটক ব্যক্তি ও উদ্ধার করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, ২৬ সেপ্টেম্বর সকাল ৯টা ১০ মিনিটে একই বিওপির আরেকটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৬৩ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনসেরেক্স সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, পৃথক দুটি অভিযানে জব্দ করা এস্কাফ ও উইনসেরেক্স সিরাপ এবং বাইসাইকেলের আনুমানিক বাজারমূল্য ৩৮ হাজার টাকা।
চলতি সেপ্টেম্বর মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে এ পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে। এসব অভিযানে ২১০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ, ৪৯ বোতল ফেয়ারডিল সিরাপ, ২২ বোতল চকোপ্লাস সিরাপ, ৬৩ বোতল উইনসেরেক্স সিরাপ, ২৮ বোতল ফেনসিডিল, ৪১ পিস ইয়াবা ও ৬৫ বোতল মদ জব্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্ত সুরক্ষা, পুশ-ইন প্রতিরোধ এবং মাদকসহ সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
প্রিন্ট করুন ফটো কার্ড