আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বশান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বড় শক্তিগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে চীন। সংস্থাটির সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে চীনা ভাইস প্রেসিডেন্ট হান ঝেং দ্বিপক্ষীয় আলোচনা ও সংলাপের মাধ্যমে সব ধরনের বৈশ্বিক বিরোধ সমাধানের তাগিদ দিয়েছেন। আজ শনিবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘের নিয়মাবলী তোয়াক্কা না করে এবং নিরাপত্তা পরিষদের সুস্পষ্ট অনুমোদন ছাড়া পরিচালিত একতরফা সামরিক অভিযানের কঠোর সমালোচনা করেন হান ঝেং।
মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি তুলে ধরে চীনা ভাইস প্রেসিডেন্ট বলেন, উপসাগরীয় অঞ্চলসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়কে পূর্ণ শ্রদ্ধা দেখাতে হবে। একই সঙ্গে চলমান যুদ্ধ ও সংঘাত যাতে বিশ্ব বাণিজ্য, সরবরাহ শৃঙ্খল (সাপ্লাই চেইন) এবং আন্তর্জাতিক বাণিজ্য পথকে ক্ষতিগ্রস্ত না করে, সেদিকে নজর দেওয়ার তাগিদ দেন তিনি।
দীর্ঘদিনের ফিলিস্তিন সংকট নিয়ে চীনের অবস্থান স্পষ্ট করে হান ঝেং বলেন, ‘ফিলিস্তিন শাসন করবে ফিলিস্তিনিরা’— এই নীতির ওপর ভিত্তি করেই পশ্চিম তীরের শাসন পরিচালনা এবং যুদ্ধোত্তর গাজার পুনর্নির্মাণ করতে হবে। ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানের জন্য অনতিবিলম্বে ‘দ্বি-রাষ্ট্র নীতি’ বাস্তবায়নের ওপর জোর দেন এই শীর্ষ প্রতিনিধি।
ইউক্রেন ও কিউবা ইস্যুতে বক্তব্য দিতে গিয়ে হান ঝেং জানান, ইউক্রেন সংকট নিরসনে চীন তার নিজস্ব উপায়ে গঠনমূলক ভূমিকা রেখে চলেছে। অন্যদিকে, কিউবার ওপর থেকে অর্থনৈতিক অবরোধ ও সমস্ত নিষেধাজ্ঞা অবিলম্বে সম্পূর্ণ তুলে নেওয়ার দাবি জানান তিনি।
প্রযুক্তির বৈশ্বিক বিকাশের বিষয়ে চীনা ভাইস প্রেসিডেন্ট বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নতুন প্রযুক্তির বিস্তারকে অবশ্যই মানবকেন্দ্রিক হতে হবে। তথ্যপ্রযুক্তির সুফল যেন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্বব্যাপী সবার জন্য উন্মুক্ত হয়, সে বিষয়ে চীন কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
প্রিন্ট করুন ফটো কার্ড