বিশেষ প্রতিনিধি:
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে প্রাইম পরিবহনের একটি বাসে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, শেরপুর থেকে যাত্রী নিয়ে মহাখালী বাস টার্মিনালে পৌঁছানোর পর দুপুর প্রায় ১টা ৩০ মিনিটের দিকে প্রাইম পরিবহনের বাসটির এয়ার কন্ডিশনার (এসি) অংশ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের ২টি ইউনিট বেলা ১টা ৪০ মিনিটে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় বেলা ১টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ২টা ২ মিনিটে তা সম্পূর্ণরূপে নির্বাপণ করা হয়।
প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসের বৈদ্যুতিক গোলযোগ (শর্ট সার্কিট) থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সময় বাসে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রিন্ট করুন ফটো কার্ড