নিজস্ব প্রতিবেদক | বাস্তব কন্ঠ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তেলের দাম বৃদ্ধি নিয়ে পোস্ট দেওয়ার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভোলা তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাঈমকে বহিস্কার করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুন হোসেন ও সদস্যসচিব শরীফ হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে নাঈমকে প্রাথমিক সদস্যপদসহ ছাত্রদলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কোনো স্তরের নেতাকর্মী যেন তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখেন, সেই নির্দেশও দেওয়া হয়।
সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাসে মো. নাঈম লেখেন, “আল্লাহ বাঁচাইছে কিছুদিনের ভিতরে প্ল্যান ছিল নিজের সব থেকে পছন্দের বাইকটা নিব। কিন্তু তেলের দাম শুনে এখন আর ইচ্ছা করতেছে না।” মূলত এই পোস্ট দেওয়ার পরেই তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
তবে বহিস্কৃত নেতা নাঈমের অভিযোগ, গঠনতন্ত্র না মেনে এবং কোনো প্রকার কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ ছাড়াই তাকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, “শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মতামত বা তেলের দাম নিয়ে একটি পোস্ট দেওয়ায় আমাকে কোনো নোটিশ না দিয়েই পদ থেকে সরিয়ে দেওয়া হলো।”
এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুন হোসেন জানান, তাদের স্বাক্ষরেই ইউনিয়ন কমিটি গঠিত হয়েছিল, ফলে তাদের বহিষ্কার করার এক্তিয়ার রয়েছে। এ ছাড়া জেলা ছাত্রদলের মৌখিক অনুমতি নিয়েই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
প্রিন্ট করুন ফটো কার্ড