মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি ঈদগাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এইচ এম আলী হাসান মুজাহিদকে হয়রানি এবং জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে সমিতির নেতারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন।
মানববন্ধনে জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. উমর ফারুকের নেতৃত্বে সেক্রেটারি কারী মাওলানা মো. আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক হাফেজ কারী মাওলানা মো. আইয়ুব আলী খানসহ জেলার বিভিন্ন এলাকার শতাধিক ইমাম ও আলেম অংশ নেন।
স্মারকলিপিতে বলা হয়, রানীহাটি ঈদগাহ জামে মসজিদের ইমাম মাওলানা এইচ এম আলী হাসান মুজাহিদকে জুমার খুতবাকে কেন্দ্র করে হেনস্তা ও অপদস্ত করার ঘটনা ঘটেছে। একপর্যায়ে মসজিদ কমিটির মাধ্যমে তাঁকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছে ইমাম সমিতি।
সমিতির নেতাদের দাবি, রাজনৈতিক কারণে সত্য ও ন্যায়ের কথা বলার জের ধরে ইমামকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মসজিদ কমিটি বা অন্য পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মীয় দায়িত্ব পালনকারী একজন ইমামকে হয়রানি বা অপদস্ত করার অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে ইমামদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, আগামী শুক্রবারের মধ্যে মাওলানা এইচ এম আলী হাসান মুজাহিদকে পুনরায় মসজিদে নামাজ পড়ানোর ব্যবস্থা না করা হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
স্মারকলিপিতে অভিযোগটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, ইমামের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
প্রিন্ট করুন ফটো কার্ড