মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে গিলাবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। গিলাবাড়ী বিওপির হাবিলদার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে টহল দলটি সীমান্ত পিলার ২০১/১২-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের ইমাননগর বাজার এলাকায় অভিযান চালায়।
অভিযানে মো. কালাম (৩২) ও মো. সালাউদ্দিন (২৮) নামে দুইজনকে আটক করা হয়। তারা উভয়েই ভোলাহাট থানার রাধানগর এলাকার বজরারটেক ডাকঘরের বাসিন্দা। তাদের দুজনের পিতার নাম মৃত সাইদুর রহমান বলে জানিয়েছে বিজিবি।
অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট করুন ফটো কার্ড