নিজস্ব প্রতিবেদক:
পূর্বাচল ৩০০ ফিট ও জলসিঁড়ি আবাসিক এলাকা থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত সড়কের উভয় পাশে রাজউকের অনুমোদনবিহীন বিলবোর্ড অপসারণে ৫ম দিনের মতো যৌথ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ।
আজ রবিবার (৪ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। দিনব্যাপী পরিচালিত এই যৌথ অভিযানে রাজউকের অনুমোদনহীন মোট ১৫টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়।
অভিযানে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপনগর পরিকল্পনাবিদসহ রাজউকের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়কের সৌন্দর্য রক্ষা এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে অনুমোদনহীন অবৈধ বিলবোর্ড উচ্ছেদে এই যৌথ অভিযান কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
প্রিন্ট করুন ফটো কার্ড