নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১৮:৪১
রাজশাহী: দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার সীমান্ত পেরিয়ে অর্থ সরবরাহ করছে এবং দেশের ভেতরে আরেকটি পক্ষ মিলে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠের এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোয়েন্দা তথ্যের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের কয়েকটি স্থানে কল-কারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে এই চক্রের হাত রয়েছে। পালিয়ে যাওয়া স্বৈরাচারের অর্থায়নে এবং বিভ্রান্তি ছড়ানো একটি নির্দিষ্ট মহলের যোগসাজশে এই অস্থিরতা তৈরির চক্রান্ত চলছে। তিনি বলেন, "একজন পয়সা দিচ্ছে সীমান্তের ওপার থেকে, আরেকজন এখানে বসে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে।"
জনগণের প্রতি আস্থার কথা ব্যক্ত করে সরকারপ্রধান বলেন, নির্বাচনের আগে বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি ও 'টিকিট' বিক্রির চেষ্টা করা হলেও জনগণ তা প্রত্যাখান করেছে। ফ্যামিলি কার্ড, খাল খনন ও কৃষি কার্ড চালুর বিষয়ে জনগণের সমর্থন কামনা করে তিনি বলেন, ভ্রান্ত রাজনৈতিক দলগুলো একাত্তর থেকে শুরু করে আজ পর্যন্ত সুযোগ পেলেই জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে আসছে।
জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের ত্যাগের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী জানান, শহীদদের স্মরণে রাজধানীতে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে এবং শহীদ পরিবারগুলোর কর্মসংস্থান ও আহত যোদ্ধাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তবে স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে চব্বিশকে ধারণ করার কথা বললেও কোনো কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত না থাকায় তিনি হতাশা প্রকাশ করেন এবং বলেন, তারা একাত্তরের মতো চব্বিশের আন্দোলনেও জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
প্রিন্ট করুন ফটো কার্ড