নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বাংলামোটরে চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষ, ফাঁকা গুলিবর্ষণ ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে।
ঘটনার সঙ্গে হাতিরঝিল থানা যুবদলের সাবেক আহ্বায়ক ও দল থেকে বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমন ওরফে ‘মাউরা সাইমন’ এবং তার সহযোগীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, নিউ ইস্কাটন এলাকার বাসিন্দা সোহাগ (৪৫) নামের এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহাগের সঙ্গে অভিযুক্তদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে সোহাগ মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে যান।
এরপর এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে আগ্নেয়াস্ত্র দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে অভিযুক্ত ব্যক্তি মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করেন। এ সময় মোটরসাইকেলটি ঘটনাস্থলে পড়ে থাকে। পরে ক্ষুব্ধ জনতা সেটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
আহত সোহাগকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি অভিযুক্ত সাইমনের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অপহরণ, মারামারি ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেন। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আগুন নেভায়। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গুলির ঘটনা ও সংঘর্ষের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
প্রিন্ট করুন ফটো কার্ড