রংপুর প্রতিনিধি:
আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারের প্রত্যেক নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি স্পষ্ট করেছেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর স্ত্রীও এই কার্ডের আওতায় আসবেন এবং এটি প্রধানমন্ত্রীর 'আই হ্যাভ এ প্ল্যান'-এর একটি সর্বজনীন (ইউনিভার্সেল) অংশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে চব্বিশের গণঅভ্যুত্থানের বীর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী ফ্যামিলি কার্ড থেকে দেশের কোনো নারী বাদ পড়বেন না। এটি এমন একটি কর্মসূচি, যার জন্য কোনো প্রকার তদবিরের প্রয়োজন নেই।" বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, একসময় যারা সংসদে দাঁড়িয়ে এই ফ্যামিলি কার্ডের বিরোধিতা করেছিল, তারাই এখন নিজ নিজ উপজেলায় দ্রুত ফ্যামিলি কার্ড দেওয়ার দাবি জানাচ্ছে।
প্রতিমন্ত্রী শহীদ আবু সাঈদের ত্যাগের কথা স্মরণ করে বলেন, "আবু সাঈদ কেবল একটি ইতিহাস নন, তিনি দেশের প্রতিটি মানুষের অনুপ্রেরণা। তিনি রংপুরের তথা পুরো বাংলাদেশের সম্পদ।" এ সময় তিনি শহীদ আবু সাঈদের স্মৃতি রক্ষার্থে ঘর নির্মাণ ও কবর সৌন্দর্যবর্ধনের উদ্দেশ্যে 'আবু সাঈদ ফাউন্ডেশন'-এ ১ কোটি অনুদান দেওয়ার ঘোষণা দেন।
চলমান নানা সংকটের বিষয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী আগের অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, আগের সরকার কোনো কাজ না করে কেবল দায় পার করে দিয়েছে, যার ফলে দায়িত্ব নেওয়ার পর বিএনপি সরকারকে উত্তরাধিকার সূত্রে কৃত্রিম সার সংকট ও গ্যাস সংকটসহ নানা সমস্যা কাটাতে হচ্ছে।
কৃত্রিম সার সংকটের পেছনে ধর্মের নামে রাজনীতি করা একটি দলের হাত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার ইতিমধ্যে এসব সংকট সমাধানে কাজ শুরু করেছে। বর্তমান সরকারের সফলতা মূল্যায়ন করতে জনগণকে অন্তত চার বছর অপেক্ষা করার আহ্বান জানান তিনি। পীরগঞ্জসহ দেশের সমস্ত অবহেলিত এলাকাকে সমানভাবে উন্নয়নের মূলধারায় নিয়ে আসার অঙ্গীকারও ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
প্রিন্ট করুন ফটো কার্ড