নিজস্ব প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়ার তৈরি ইউরেনিয়ামের নতুন চালান আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে মোট নয়টি ফ্লাইটে বাংলাদেশে এসে পৌঁছাবে। রাশিয়া থেকে রওনা দেওয়া এসব জ্বালানিবাহী বিমান ভারতে যাত্রাবিরতি করে ঢাকায় নামবে।
শুক্রবার বিকালে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানান, ইউরেনিয়ামবাহী বিমান ঢাকায় পৌঁছানোর পর নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সড়কপথে চালানটি নিয়ে যাওয়ার সময় বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তায় কঠোর বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘোষিত এ সময়ের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টিসহ মোট ২১১টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে আনা হবে। আন্তর্জাতিক রুটের অংশ হিসেবে রাশিয়া থেকে ছেড়ে আসা এসব চালানের পথিমধ্যে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত পার হয়ে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের প্রয়োজনীয় জ্বালানির প্রথম চালান সফলভাবে দেশে আনা হয়েছিল। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি রূপপুরের প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে (রিয়্যাক্টর) স্থাপন করা হয়।
প্রিন্ট করুন ফটো কার্ড