অনলাইন ডেস্ক:
দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু-কিশোর ও তরুণদের জন্য সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারাদেশে কমপক্ষে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশনা দিয়েছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ইউনিয়নভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ সংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। সভা শেষে সাংবাদিকদের সামনে সরকারের এসব সিদ্ধান্তের কথা বিস্তারিত তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বৈঠকে নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দেন। তিনি বলেন, আগামী প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ সম্প্রসারণ অত্যন্ত জরুরি। তাই তৈরি করা মাঠগুলো সবসময় সবার জন্য উন্মুক্ত রাখতে হবে।
একই বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের জন্য অন্তত একটি করে খেলার মাঠ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (DNCC) ৪০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (DSCC) ৯০টি মাঠ খেলাধুলার উপযোগী করে সেখানে নিয়মিত ক্রীড়া কার্যক্রম চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এছাড়া দেশের ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টনসহ ১০টি ক্রীড়া ইভেন্টে প্রায় ১৪ লাখ কিশোর-কিশোরীকে সম্পৃক্ত করার বড় উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় এই সর্বজনীন ক্রীড়া কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
বৈঠকে দেশের বিদ্যমান উপজেলা স্টেডিয়ামগুলো দ্রুত সচল ও খেলাধুলার উপযোগী করা, দখল হয়ে যাওয়া খেলার মাঠগুলো উদ্ধার এবং দেশের প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত খেলাধুলা ও ক্রীড়া ক্লাব কার্যক্রম চালুর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রিন্ট করুন ফটো কার্ড