নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের কামারখন্দে এক জামায়াত নেতার বাসায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৯০০ কেজি (১৮ বস্তা) ইউরিয়া সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সার মজুদের দায়ে অভিযুক্ত মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মনিরুল ইসলাম কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন এবং কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
শুক্রবার (২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন জানান, বৃহস্পতিবার রাতে একটি অটোরিকশাযোগে মনিরুলের বাসায় ইউরিয়া সার নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে। তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন। ইউএনও-র নির্দেশে সেখানে অভিযান চালিয়ে বাসা থেকে ১৮ বস্তা অবৈধ ইউরিয়া সার জব্দ করা হয়।
তিনি আরও জানান, ওই ব্যক্তি এক ডিলারের কাছ থেকে সরকারি প্রণোদনা বা বিক্রয়ের উদ্দেশ্যে রক্ষিত ১৮ বস্তা সার এনে নিজ বাসায় মজুদ করেছিলেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয়েছে এবং এগুলো ভদ্রঘাট ইউনিয়নের সাধারণ কৃষকদের মাঝে নির্ধারিত সরকারি মূল্যে বিক্রি করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
প্রিন্ট করুন ফটো কার্ড