স্টাফ রিপোর্টার:
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় গ্রেফতারকৃত এক নারী ও এক পুরুষ আসামিকে ছিনিয়ে নিতে ৪০-৫০ জনের একদল সশস্ত্র যুবক অতর্কিত হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। হামলায় টিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিক নামের দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়দেবপুর রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তাকর্মীরা। সেখান থেকে মাদকসহ এক নারী ও এক পুরুষকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। এরপরই আসামিদের সহযোগীরা রামদা, হাসুয়া, চাপাতি ও ছুরিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ফাঁড়িতে চড়াও হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়, সশস্ত্র দলটি ফাঁড়ি ঘেরাও করে দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। এ সময় তারা ফাঁড়িসহ আশপাশের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায়।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, আটক আসামিদের ছাড়িয়ে নিতেই তাদের সহযোগীরা এই নারকীয় হামলা চালিয়েছে। হামলায় আমাদের দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
ওসি আরও জানান, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা এবং মাদক সংক্রান্ত আইনে জড়িতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
প্রিন্ট করুন ফটো কার্ড