নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর রাণীনগরে দিনদুপুরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে এলোপাতাড়ি মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাই করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রিজ সংলগ্ন টাওয়ার এলাকায় এই ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ও আহত দুই কর্মকর্তা হলেন— ইসলামী ব্যাংক আবাদপুকুর এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ওই দুই কর্মকর্তা মোটরসাইকেলযোগে সান্তাহার ইসলামী ব্যাংক শাখা থেকে ৩০ লাখ টাকা এবং নিজস্ব তহবিল থেকে আরও ৪ লাখ টাকাসহ মোট ৩৪ লাখ টাকা নিয়ে রাণীনগরের আবাদপুকুর এজেন্ট শাখার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রিজের কাছে টাওয়ার এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে এসে হেলমেট পরিহিত চারজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে।
এ সময় দুর্বৃত্তরা লোহার রড দিয়ে ব্যাংক কর্মকর্তাদের এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে এবং সঙ্গে থাকা ৩৪ লাখ টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত চম্পট দেয়।
আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার স্বত্বাধিকারী ফিরোজ হোসেন জানান, ঘটনার খবর পেয়েই বিষয়টি রাণীনগর থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের জোর তৎপরতা ও অভিযান চলছে।
প্রিন্ট করুন ফটো কার্ড