Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : নওগাঁয় ব্যাংক কর্মকর্তাদের পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

নওগাঁয় ব্যাংক কর্মকর্তাদের পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই


​নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁর রাণীনগরে দিনদুপুরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে এলোপাতাড়ি মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাই করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রিজ সংলগ্ন টাওয়ার এলাকায় এই ঘটনা ঘটে।

​ছিনতাইয়ের শিকার ও আহত দুই কর্মকর্তা হলেন— ইসলামী ব্যাংক আবাদপুকুর এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

​ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ওই দুই কর্মকর্তা মোটরসাইকেলযোগে সান্তাহার ইসলামী ব্যাংক শাখা থেকে ৩০ লাখ টাকা এবং নিজস্ব তহবিল থেকে আরও ৪ লাখ টাকাসহ মোট ৩৪ লাখ টাকা নিয়ে রাণীনগরের আবাদপুকুর এজেন্ট শাখার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রিজের কাছে টাওয়ার এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে এসে হেলমেট পরিহিত চারজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে।

​এ সময় দুর্বৃত্তরা লোহার রড দিয়ে ব্যাংক কর্মকর্তাদের এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে এবং সঙ্গে থাকা ৩৪ লাখ টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত চম্পট দেয়।

​আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার স্বত্বাধিকারী ফিরোজ হোসেন জানান, ঘটনার খবর পেয়েই বিষয়টি রাণীনগর থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের জোর তৎপরতা ও অভিযান চলছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF