বিশেষ প্রতিনিধি: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে নির্ধারিত সময়ে এসে পৌঁছায়নি ইউরেনিয়াম জ্বালানি। এর ফলে জ্বালানি বহনকারী কার্গো বিমানটির বাংলাদেশ যাত্রা সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৪ সেপ্টেম্বর রোসাটমের পারমাণবিক জ্বালানি বহনকারী বিশেষ কার্গো বিমানটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। তবে ট্রানজিট হিসেবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের ছাড়পত্র (ওভারফ্লাইট পারমিশন) না মেলায় নির্ধারিত সময়ে ফ্লাইটটি ঢাকা পৌঁছাতে পারেনি। পাকিস্তান কী কারণে এই অনুমোদন দেয়নি, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।
এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বার্তা সংস্থা এএনআইকে জানান, নির্ধারিত ২৪ সেপ্টেম্বরে ইউরেনিয়ামের চালান না আসলেও পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে ইউরেনিয়ামের নতুন চালানটি বাংলাদেশে পৌঁছাবে বলে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মূল ঠিকাদার রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা ‘রোসাটম’ নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, “বিমানবন্দরে জ্বালানি গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু রোসাটমের লিয়াজোঁ কর্মকর্তার মাধ্যমে আমরা জানতে পারি, রুট পারমিশনজনিত জটিলতায় ফ্লাইটটি যথাসময়ে রওয়ানা দিতে পারেনি।”
উল্লেখ্য, পাবনার রূপপুরে রোসাটমের কারিগরি ও আর্থিক সহায়তায় ২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে। এতে VVER-1200 মডেলের দুটি চুল্লি রয়েছে। এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান সফলভাবে দেশে আসে এবং কঠোর নিরাপত্তার মধ্যে প্রকল্প এলাকায় স্থানান্তর করা হয়।
প্রিন্ট করুন ফটো কার্ড