বিশেষ সংবাদদাতা, ঢাকা:
রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকায় অবস্থিত 'হীরাঝিল হোটেল'কে নোংরা পরিবেশ ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অপরাধে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বুধবার (৭ অক্টোবর) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে হোটেলটিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে দেখা যায়, হোটেলের রান্নাঘর অত্যন্ত নোংরা ও স্যাঁতস্যাঁতে অবস্থায় রয়েছে। খোলা ও ঢাকনাহীন পাত্রে ময়লা-আবর্জনা জমিয়ে রাখা হয়েছে। এছাড়া প্রক্রিয়াজাতকরণে লেবেলহীন ঘি ব্যবহার এবং খাদ্য পরিবেশনকারীদের স্বাস্থ্যবিধি না মানার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।
পাশাপাশি, নিরাপদ পানি ব্যবহারের পরীক্ষণ সনদ এবং পোকা-মাকড় দমনের (পেস্ট কন্ট্রোল) কোনো প্রমাণ দেখাতে ব্যর্থ হয় হোটেল কর্তৃপক্ষ।
এসব অনিয়ম ও অপরাধের দায়ে 'নিরাপদ খাদ্য আইন, ২০১৩' অনুযায়ী হোটেলটিকে তাৎক্ষণিকভাবে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ নগদ আদায় করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
প্রিন্ট করুন ফটো কার্ড