চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
টাকা ঘুস গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অতনু বণিককে থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে এক প্রশাসনিক আদেশে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।
মঙ্গলবার সকালে ‘আইটিভি’ নামক একটি ফেসবুক পেজে মাসুদ আলম নামের এক ব্যক্তি একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, এএসআই অতনু বণিক চুনারুঘাট থানার পুকুরপাড়ে বসে এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা ঘুস নিচ্ছেন এবং অন্য এক ব্যক্তিকে মামলায় জড়ানো নিয়ে দর-কষাকষি করছেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে বিকেলেই তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্তির নির্দেশ দেওয়া হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ছড়িয়ে পড়া ভিডিওটি গত মার্চ মাসের বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে চূড়ান্ত বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর মাত্র এক দিন আগে চুনারুঘাট থানার অপর এক এএসআই-এর ঘুস গ্রহণের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পরপর দুই দিনে দুই পুলিশ কর্মকর্তার এমন কাণ্ডে স্থানীয় প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।