ঢাকা: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বিনামূল্যে পাঠ্যবই ছাপানোর কাজে গোপনীয় দর ফাঁস, সিন্ডিকেটিং এবং প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর মতিঝিলে এনসিটিবি কার্যালয়ে দুদকের প্রধান কার্যালয় থেকে এই অভিযান চালানো হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, বিনামূল্যে পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের প্রক্রিয়ায় অনিয়ম এবং সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম এনসিটিবি কার্যালয়ে উপস্থিত হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে প্রাথমিক প্রাক্কলনের কপি, দাপ্তরিক মূল্য তালিকা এবং এনসিটিবির ৪২৩ তম বোর্ডসভার কার্যবিবরণীসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রাতিষ্ঠানিক রেকর্ডপত্র সংগ্রহ করে।
সংগৃহীত এসব রেকর্ডপত্র বিস্তারিত ও নিবিড়ভাবে যাচাই-বাছাই শেষে এনফোর্সমেন্ট টিম দ্রুতই কমিশন বরাবর একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছে সংস্থাটি।