বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদরদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা। মঙ্গলবার (৬ অক্টোবর) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পদায়নের বিষয়টি জানানো হয়।
এর আগে তিনি পুলিশ সদরদপ্তরের ট্রাফিক ম্যানেজমেন্ট শাখায় এআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া বিভিন্ন সময়ে তিনি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস শাখার ভারপ্রাপ্ত এআইজি হিসেবেও দায়িত্ব সামলেছেন।
নতুন পদায়ন ও দায়িত্বের বিষয়ে কামারুম মুনিরা গণমাধ্যমকে জানান, অর্পিত এই নতুন দায়িত্ব তিনি পেশাদারিত্বের সঙ্গে পালন করতে চান।
২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই কর্মকর্তা ক্যারিয়ারে মাঠপর্যায়ের পুলিশিংয়ের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কাজ করেছেন। সিআইডি থেকে পরবর্তীতে তাকে পুলিশ সদরদপ্তরে ন্যস্ত করা হয়।
পেশাগত দায়িত্বের বাইরে ক্যাডারভিত্তিক সাংগঠনিক কার্যক্রমেও তিনি বেশ সক্রিয়। ২০২৫ সালের জুলাইয়ে অনুষ্ঠিত ২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটি গঠনের নির্বাচনে তিনি নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে, পুলিশ সদরদপ্তরের সাবেক এআইজি (মিডিয়া) এএইচ এম শাহাদাত হোসেনকে নতুন পদে বদলি করা হয়েছে। তাকে সদরদপ্তরের এআইজি (আইসিটি) শাখা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।