বিশেষ প্রতিনিধি: দেশে ডেঙ্গু পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। গত ২৪ ঘণ্টায় মশার কামড়ে সৃষ্ট এই জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে ১ হাজার ৯৯৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮০ জন। এছাড়া খুলনা বিভাগে ৩০২ জন, চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, বরিশাল বিভাগে ২০৩ জন এবং রাজশাহী বিভাগে ১৯৯ জন ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের মধ্যে উত্তর সিটিতে ১৯৪ জন ও দক্ষিণ সিটিতে ১৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হন। ময়মনসিংহ বিভাগে ৯৬ জন, রংপুর বিভাগে ৭৫ জন এবং সিলেট বিভাগে ১৮ জন রোগী শনাক্ত হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৩৫৬ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮৪ হাজার ২৯৯ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৬৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে ১০ জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮১ জনে।
উল্লেখ্য, গত বছর (২০২৫ সালে) জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং মারা গিয়েছিলেন ৪১৩ জন।