Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : ঢাকার আদালত থেকে আবার পালালেন হত্যা মামলার আসামি শরিফুল

ঢাকার আদালত থেকে আবার পালালেন হত্যা মামলার আসামি শরিফুল

বিশেষ প্রতিনিধি: ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ভবন থেকে শরিফুল ইসলাম (৩০) নামের এক হত্যা মামলার আসামি ফের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আদালতের বিচারকক্ষের ভেতর থেকে হাতকড়া খুলে তিনি কৌশলে পালিয়ে যান।

​এর আগে ২০২৫ সালের ১৯ জুন একই আদালত প্রাঙ্গণে এক পুলিশ সদস্যকে কামড় দিয়ে পালিয়ে গিয়েছিলেন এই আসামি। পরবর্তীতে ১ অক্টোবর ফেনী থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পূর্বের সেই পালানোর মামলায় আজ তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল।

​আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে খিলগাঁও থানার মামলায় শরিফুলের হাজিরা ছিল। তাঁর নিরাপত্তায় নিয়োজিত ছিলেন কনস্টেবল আবদুল আলিম। শুনানি চলাকালেই তিনি কৌশলে হাতকড়া খুলে চম্পট দেন।

​ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি শরিফুলকে খিলগাঁও থানার হত্যা মামলা এবং আগের পালানোর মামলায় আজ আদালতে আনা হয়েছিল। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাঁর অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে নতুন মামলা ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

​পুলিশের দেওয়া তথ্যমতে, শরিফুলের বাড়ি দিনাজপুর জেলায় এবং তাঁর বাবার নাম শফিক আহমেদ। ২০১৮ সালে খিলগাঁও থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি দীর্ঘ ছয় বছর ধরে কারাগারে ছিলেন।

​বর্তমানে পালানো আসামিকে পুনর্দখলে নিতে এবং গ্রেপ্তারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল অভিযান চালাচ্ছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF