Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : জিয়াউল আহসানের পক্ষে লড়তে চেয়ে বৃটিশ আইনজীবীর আবেদন

জিয়াউল আহসানের পক্ষে লড়তে চেয়ে বৃটিশ আইনজীবীর আবেদন

নিজস্ব প্রতিবেদক:

শতাধিক গুম ও হত্যাকাণ্ডের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে আইনি লড়াই চালাতে চান ব্রিটিশ আইনজীবী স্টিভেন কে সি। এই লক্ষ্যে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ বার কাউন্সিলে তার একটি আবেদন জমা দেওয়া হয়েছে।

​এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আজ জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। তিনি এই মামলার ১৫তম ও রাষ্ট্রপক্ষের সর্বশেষ সাক্ষী। গত ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাক্ষ্যগ্রহণে আজ তিনি তদন্তকালে সংগৃহীত তথ্য-উপাত্ত ও বিভিন্ন আলামতের বিস্তারিত বিবরণ ট্রাইব্যুনালের সামনে তুলে ধরছেন।

​প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, রফিকুল ইসলামের জবানবন্দি ও জেরা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে এই মামলায় মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হবে, যার মাধ্যমে আসামির বিরুদ্ধে আনা সবকটি অভিযোগই প্রমাণ করতে সক্ষম হয়েছে তারা। নিয়ম অনুযায়ী, তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ও জেরা শেষে আসামিপক্ষ সাফাই সাক্ষী উপস্থাপনের সুযোগ পাবে এবং এরপরই শুরু হবে চূড়ান্ত যুক্তিতর্ক।

​উল্লেখ্য, জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মোট তিনটি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০১১ সালে গাজীপুরের পুবাইলে সজলসহ তিনজনকে হত্যা এবং ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটায় নজরুল ও মল্লিকসহ ৫০ জনকে হত্যার মতো গুরুতর অভিযোগ অন্যতম।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF