মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ মোঃ ইউসুফ আলী (২৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মনাকষা এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশার যাত্রী ইউসুফ আলীর সঙ্গীয় ব্যাগ তল্লাশি করে ভেতরে কৌশলে লুকানো অবস্থায় ৬৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই নেশাজাতীয় সিরাপের আনুমানিক বাজারমূল্য ২৭ হাজার ২০০ টাকা।
আটককৃত ইউসুফ আলী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের আব্দুল লতিফের ছেলে। আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত এস্কাফ সিরাপ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্তে মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।